বাড়ির উঠোনে লুকিয়ে থাকা গুপ্তধনের কাহিনী
বাড়ির উঠোনে খুঁড়তে গিয়ে যদি বেরিয়ে আসে এক ঘড়া মোহর বা এক বাক্স গয়না, তাহলে কেমন হতো! ‘হিডেন ট্রেজার’ বা ‘ট্রেজার হান্ট’ নামক গুপ্তধন খোঁজার খেলার মতো অনেক সময় বাস্তবেও খুঁজতে খুঁজতে বেরিয়েই আসতে পারে গুপ্তধন। শুধু গুপ্তধনই বা বলি কেন, বহু প্রাগৈতিহাসিক যুগের অনেক নিদর্শনেরও হদিস মেলে। প্রত্নতাত্ত্বিকরা নিরলস গবেষণা করে চলেছেন মাটির নিচে লুকিয়ে থাকা সেসব বস্তুর সন্ধানে। এতে যেমন প্রয়োজন প্রচুর সময়ের, সেইসাথে থাকা চাই অপরিসীম ধৈর্য। যদি এমনটা হয়, আপনি প্রত্নতাত্ত্বিক নন, কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই পেয়ে গেলেন ইতিহাসের কোনো এক মূল্যবান জিনিসের দেখা, তাহলে নিজেকে ভাগ্যবানদের দলেই হয়তো গণ্য করে থাকবেন। বাড়ির উঠোনে বা ঠিক পেছনে অনাদরে পড়ে থাকা জায়গায় কোনো কারণবশত খুঁড়তে গিয়ে আপনার খননকারী যন্ত্রের সাথে কোনো কিছু বেধে যাওয়ায় থামিয়ে দিলেন খননকাজ। এরপর খুব সাবধানে বস্তুটি বের করে আনার পর রীতিমতো চক্ষু চড়কগাছ! আপনার সামনে রয়েছে কিছু মূল্যবান বস্তু, যা স্মরণ করিয়ে দেয় ইতিহাসের বিশেষ স্থান, কাল অথবা পাত্রকে। আজকে আপনাদের জানানো হবে এমন কিছু অপ্রত্যাশিত প্রাপ্তির কথা। খুঁজে পাওয়া ফ...